‘কোনোভাবেই’ মানবেন না মমতা
একসময় তিনিও তিস্তা ও স্থল সীমান্ত চুক্তির পক্ষে ছিলেন- গণমাধ্যম এ কথাটি মনে করিয়ে দেয়ায় আবারো সরোষে ‘না’ বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার নিজের ফেইসবুক ফ্যানপেইজে এক পোস্টে মমতা লিখেছেন, “রাজ্য সরকারের অনুমোদন ছাড়া বাংলাদেশকে ভূমি ছেড়ে দেয়ার এই প্রস্তাব কোনোভাবেই মেনে নেয়া যায় না।”
২০০৯ সালের সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য প্রটোকল স্বাক্ষরিত হয়, যার আওতায় দুই দেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় এবং ছয় দশমিক এক কিলোমিটার অমীমাংসিত সীমানা চিহ্নিত হওয়ার কথা।
মনমোহনের ওই সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে বহু প্রত্যাশিত চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আটকে যায় মমতার আপত্তির কারণে। পরে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের বিরোধিতায়ও তিনি সোচ্চার হন।
স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে হলে ভারতের সংবিধান সংশোধন প্রয়োজন। কিন্তু এর জন্য পার্লামেন্টে বিল পাস করতে হলে রাজ্যসভা ও লোকসভায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার, যা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের নেই।
মমতার পাশাপাশি ভারতীয় পার্লামেন্টের বিরোধী দল বিজেপি এই সংবিধান সংশোধনের বিরোধিতা করে আসছে। কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ তিন দফা বিল তোলার উদ্যোগ নিলেও দুইবার বিজেপি এবং একবার মমতার বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।
বিজেপির সমর্থন আদায়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির চেষ্টাও কাজে আসেনি।
রাজ্য নির্বাচনে বামফ্রন্ট সরকারকে পরাজিত করে মমতা ক্ষমতা নেয়ার ঠিক তিন মাস পরে স্থল সীমান্ত চুক্তিতে সায় দিয়ে পাঠানো ওই চিঠি শনিবার আনন্দ বাজার পত্রিকায় ছাপা হয়।
সমর ঘোষ ওই চিঠিতে লেখেন, “খসড়া চুক্তিতে রাজ্য সরকারের সম্মতির কথা আমি আপনাকে জানাচ্ছি।”
কিন্তু দুই বছর পর সেই মমতাই তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “কেন্দ্রের এতো তাড়া কেন, যে রাজ্য সরকারের মত না নিয়েই আমাদের জমি আমাদের জল দিয়ে দিতে হবে?”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, “কেন্দ্র সরকার এ কোন রাজনীতির খেলা খেলতে চাইছে?”
গত সপ্তাহে তৃণমূলের এক এমপি রাজ্যসভায় সংবিধান সংশোধনের বিল তোলার চেষ্টা আটকে দেয়ার পর সালমান খুরশিদ আবারো মমতাকে বোঝানোর উদ্যোগ নেন। ঠিক হয়, তৃণমূলের তিন এমপি মুকুল রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়ান পররাষ্ট্রমন্ত্রী খুরশিদের সঙ্গে বসবেন।
তবে সেই বৈঠক আর হবে না বলেই তৃণমূলের উচ্চ পর্যায় থেকে ইংগিত পাওয়া গেছে।
শেষ মুহূর্তে কেন তিস্তা চুক্তিতে আপত্তি তুলেছিলেন, তারও একটি ব্যাখ্যা দিয়েছেন মমতা।
কংগ্রেস সরকারের সেই সময়ের এই শরিক নেতা বলছেন, “যখন খসড়া হয়েছিল, কেন্দ্র সরকার তখন একরকম বলেছিল।কিন্তু শেষ পর্যন্ত যে প্রস্তাব চুক্তির জন্য তোলা হলো তা ছিল পুরোপুরি আলাদা।”
অবশ্য ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সেই সময় কেন্দ্র সরকার মমতার দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের ‘অর্থনৈতিক পুনরুদ্ধার’ পরিকল্পনায় ২৫ হাজার কোটি রুপি বরাদ্দ দিতে রাজি না হওয়ায় তিস্তায় শোধ নেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক ধারাভাষ্যকার সুখরঞ্জন দাসগুপ্ত বলেন, “হতাশ মমতা এখন বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তিরও বিরোধিতা করছেন।”
