আনসারুল্লাহর আরো ৯ সদস্য গ্রেপ্তার
উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ নয় সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে মোহাম্মদপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, সাভার, সেন্ট্রাল রোড ও এলিফেন্ট রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নয়জন হলেন- মো. সাইফুল ইসলাম (২১), আবু হানিফ (২৩), আমিনুল ইসলাম (২৫), জাহিদুল (২৭), আজাদ (২৮), আসাদুল্লাহ (২৯), জুন্নুন শিকদার (২৭), কাজী মো. রেজোয়ান (৩০) ও নাইমুল হাসান (২৮)।
তাদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ ও জিহাদি বই জব্দ করা হয়েছে বলে তৌহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তারা বলেছে, আল কায়েদার আদর্শ অনুসরণ করে তারা কার্যক্রম চালাচ্ছে।
আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশন প্রধান দিদার হোসেন পাকিস্তানে পালিয়ে গেছেন বলেও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, এই সংগঠনের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানিকে বর্তমানে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী
পুলিশ কর্মকর্তা জানান, জসীমের কার্যালয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া গেছে, যাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রে দণ্ডিত বাংলাদেশি তরুণ নাফিসের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের যোগাযোগের প্রমাণ পেয়েছেন তারা।
