সংলাপেই সংকট নিরসন সম্ভব: মজিনা
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, দেশের সংকট নিরসনে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে| সমস্যা সমাধানের একমাত্র মাধ্যম হচ্ছে সংলাপ| সংলাপ ছাড়া দেশের অস্থিতিশীল পরিস্থিতির নিরসন হবে না|
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দক্ষিণ এশিয়ায় জাতিসংঘের শান্তি রক্ষায় বর্তমান প্রেক্ষাপট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন|
আমেরিকান সেন্টারের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ|
মজিনা বলেন, শুক্রবার জাতিসংঘের মহাসচিব বান কি-মুন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে সংকট নিরসনে ওপর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন|
ওই কথোপকথনে তিনি দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানানোর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মজিনা বলেন, “সবার অংশ গ্রহণেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে| বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই নেত্রীকে সংলাপে বসার জন্য কাজ অব্যহত রাখা হয়েছে।”
মজিনা বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশের অবদান অপরিসীম| বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশের পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শীর্ষে রয়েছে| শান্তি মিশনেও বাংলাদেশের পুলিশ বাহিনী দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এগিয়ে|
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তার জন্য জাতিসংঘ কাজ করছে| এই শান্তি ও নিরাপত্তার কাজে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশেকা এরশাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, পররাষ্ট্র সচীব শহিদুল হক প্রমুখ|
