২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সানাউল্লাহর রয়েছে নিজের মাদ্রাসা

বগুড়ায় ভারি অস্ত্রসহ গ্রেপ্তার জঙ্গি সংগঠন বিইএম’র নেতা সানাউল্লাহর প্রকৃত পরিচয় পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 08:59 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

মাওলানা সানাউল্লাহ বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে।

এর আগে সানাউল্লাহ পরিচয় দিয়েছিলেন দিনাজপুরের সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা এলাকার আফজাল হোসেনের ছেলে ফিরোজ আলম হিসেবে।

পুলিশ জানায়, সানাউল্রাহ নিজে আল জামিয়া আল মিজবাহুয়া ইসলামিয়া মাদ্রাসা গড়ে তোলেন এবং গ্রেপ্তারের আগ পর্যন্ত ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

শাজাহানপুর থানার উপপুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, সানাউল্লার বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া জঙ্গি হিসেবে গ্রেপ্তার হওয়া ওই গ্রামের আব্দুর রহমানের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলে গ্রামের লোকজন জানিয়েছে।

সরেজমিন ফুলকোট গ্রামে গিয়ে তার সম্পর্কে জানতে চাইলে অনেকেই এড়িয়ে যান। কেউ তার সম্পর্কে বললেও পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

গ্রামে দেখা গেছে দূর্বাডাঙ্গা বিলের ধারে তার নিজের পরিচালিত মাদ্রাসা আল জামিয়া আল মিজবাহুয়া ইসলামিয়া। সেখানে ৪২ জন ছাত্র-ছাত্রী ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সানাউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর মাদ্রাসাটি আর খোলা হয়নি। ওই মাদ্রাসার শিক্ষক একই গ্রামের জাকির হোসেন, স্বাধীন, আবু সাইদ, সোহাগ গা ঢাকা দিয়েছেন। এমনকি সানাউল্লার স্বজনরাও বাড়ি থেকে পালিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের কয়েকজন বয়স্ক লোক জানান, ২০০৪ সালে জঙ্গি তৎপরতার সময় আইনশৃংখলা বাহিনীর জঙ্গি গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালালে প্রায় চার বছর সানাউল্লাহ গ্রাম ছেড়ে পালিয়েছিলেন।

সানাউল্লাহ আফগানিস্তানে তালেবানদের হয়ে যুদ্ধ করেছেন এবং এক সময় জেএমবির শীর্ষ নেতা ছিলেন বলেও তারা জানান।

বৃহস্পতিবার শহরের ঠনঠনিয়া এলাকার জোবানি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ভারি অস্ত্রসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এদের একজন হলেন সানাউল্লাহ।

এ সময় একটি এলএমজি, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ চারটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ডায়েরি এবং বেশকিছু দেশি অস্ত্র ও জেহাদি বই উদ্ধার করা হয়।

এরপর শনিবার শহরের মালগ্রাম উত্তরপাড়ার কলেজ পট্টি এলাকায় সংগঠনটির আরেকটি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায় র‌্যাব ও পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে।