গোয়ালন্দে ‘চরমপন্থি’ খুন
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে শনিবার এক ‘চরমপন্থির’ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল শেখ (২২) গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়া গ্রামের রহমত শেখের ছেলে।
রুবেল শেখ চরমপন্থি দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার জানান, সকালে কয়েকজন নারী শ্রমিক একটি পাটক্ষেতে ঘাস কাটতে গিয়ে রুবেলের লাশ দেখেন এবং থানায় খবর দেন।
ওসি জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রুবেল ও তার ভাই রাসেল চরমপন্থি দলের সক্রিয় সদস্য। তাদের নামে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আধিপাত্য বিস্তার নিয়ে চরমপন্থিদের মধ্যে বিরোধের জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রুবেলের ভাই রাসেলকে সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লী থেকে পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিহত রুবেলের পরিবারের পক্ষ থেকে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
