২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভিসি প্যানেল নির্বাচিত

বিরোধী দল সমর্থিত শিক্ষদের অবস্থান কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়নের জন্য তিন জনের প্যানেল নির্বাচিত করেছে সিনেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

প্যানেলের সদস্যরা হলেন- বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ ও সহিদ আকতার হোসাইন।

শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৪টা ১০ পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় সরকার সমর্থক এই প্যানেল।

অধিবেশন শেষে সিনেট সদস্য ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ওই তিনজনের প্যানেলের প্রস্তাব করলে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মাসুদ কামাল তা সমর্থন করেন। আর কোনো প্রস্তাবিত প্যানেল না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।

তিনি বলেন, “নিয়মানুযায়ী নির্বাচিত প্যানেল শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্যানেল থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।”

অধিবেশনে ৩৬ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শিক্ষক প্রতিনিধি ২৪ জন, ৩ জন সংসদ সদস্য, ৪ জন সরকারি কর্মকর্তা ও উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সিনেট ভবনের সামনে অবস্থান নেয় বিরোধী দল সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

বেলা আড়াইটার দিকে ভবনে ঢোকার সময় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের শিক্ষকদের ভেতরে যাওয়ার অনুরোধ করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

তবে ‘অনৈতিক’ এই অধিবেশনে যোগ দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেন তারা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, “আমরা সব সময় চেয়েছি উপাচার্য প্যানেলের নির্বাচন হোক। কিন্তু যে মুহূর্তে প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সে সময়ে সিনেটের এ গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন ঠিক নয়।”

এই কারণেই সিনেট অধিবেশন বর্জন করছেন বলে সাদা শিক্ষকরা জানান।

গত সাড়ে চার বছর ধরে বিএনপি-জাময়াতপন্থী শিক্ষকদের সাদা দল ও আওয়ামী লীগ-বাম সমর্থিত শিক্ষকদের নীল দল- উভয় পক্ষের শিক্ষকরা উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি করে আসছিলেন।

তাদের দাবির মুখে আহ্বান করা এই অধিবেশনে আসন খালি থাকায় সিনেটের ১০৫ সদস্যের মধ্যে মাত্র ৫০ জন দিয়েই এ উপাচার্য প্যানেল নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়।

আগামী মাসে অনুষ্ঠেয় ২৫ জন রেজিস্ট্রার্ড গ্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের আগেই এ অধিবেশন আহ্বান করা হলে সাদা দল তা স্থগিতের দাবি জানান।

এদিকে সিনেট সদস্য সংখ্যা ১০৫ জনের মধ্যে ৫৫টি পদ খালি নিয়ে এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট থেকে ২৫ জন প্রতিনিধি নির্বাচনের আগেই সিনেট অধিবেশন আহ্বান করায় তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।

সাদা দলের শিক্ষক ও সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দারসহ অন্য দুজন এই আবেদন করেন।

২০০৯ সালের ১৫ জানুয়ারি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ১৯৭৩ এর অধ্যাদেশের ১১ (২) ধারা অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ পান। তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ইয়াজ উদ্দিন আহমেদ তাকে এই নিয়োগ দেন।

অধ্যাদেশের ১১ (১) ধারা অনুযায়ী, একজন নির্বাচিত উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত তিনি সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ পরিচালনা করবেন।

কিন্তু এরপর সাড়ে চার বছর পার হলেও উপাচার্য প্যানেল নির্বাচন দেয়া হয়নি।