২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগকর্মীকে কুপিয়ে জখম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের হামলায় এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:31 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

ছাত্রলীগ নেতাদের দাবি হামলাকারীরা শিবিরের নেতাকর্মী।

শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি’ এর পাশে এই হামলার ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একাডেমিক ভবন ‘সি’ এর রাত্রিকালীন নিরাপত্তাকর্মী জিন্নাদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে হঠাৎ করে ৮/১০ মুখোশ পরিহিত যুবক রুহুল আমিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। হামলাকারীরা রুহুলের হাতে, পায়ে ও পিঠে কুপিয়ে জখম করে।

তার ডান হাতের একটি আঙ্গুল গুরুতর জখম হয়েছে বলে জানান জিন্নাদ আলি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক। অপারেশন থিয়েটারে তার অস্ত্রপাচার চলছে।

হামলাকারী মুখোশধারীরা শিবিরের নেতাকর্মীরা বলে জানান সঞ্জীবন চক্রবর্তী পার্থ।

জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলাকারীদের এখনো চিহিৃত করা যায়নি। তবে পুলিশ হামলাকারীরা গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।