২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তচুক্তি নিয়ে মমতার সমালোচনায় সুমন

বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনে তৃণমূলের বিরোধিতার মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করেছেন কবীর সুমন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার লোকসভা প্রাঙ্গণে মমতাকে ‘ভিশনলেস’ আখ্যায়িত করে তৃণমূলের এই সাংসদ তার দল এবং নেত্রীর সমালোচনা করে সাংবাদিকদের বলেন, “ছিটমহলের মানুষগুলো পরিচয়হীনভাবে অবর্ননীয় কষ্টের মধ্যে আছে। তা থেকে তাদের মুক্তি দেয়ার সুযোগ এসেছিলো। কিন্তু ভিশনলেস মমতা ব্যানার্জির জন্য সেটা সম্ভব হলো না।”

বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস এ খবর জানিয়েছে।

কেন, কোন যুক্তিতে এই বিরোধিতা করা হলো তা সুমনের ‘বোধগম্য নয়’ জানিয়ে দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই গায়ক তার সমালোচনার ধারা অব্যাহত রেখে আরো বলেন, “আমার দল বাংলাদেশের সাথে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুমোদনের জন্যে রাজ্য সভায় বিল উত্থাপনে বাধা দেয়ায় আমি ব্যথিত ও লজ্জিত। কেন কোন যুক্তিতে এই কাজ করা হয়েছে আমার বোধগম্য নয়।”

“আমার ইচ্ছা করছে সংসদ থেকে পদত্যাগ করি, কিন্তু নির্বাচনের আগে পদত্যাগ করলে নির্বাচন করা এবং গাদা গাদা টাকা খরচ- এই ভেবে করছি না।”

জীবনমুখী বাংলা গানের শিল্পী হিসেবে পরিচিত সুমন চট্টপাধ্যায় ২০০০ সালের ২৩ শে জুন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে কবীর সুমন নাম নেন।
ভারতের পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সুমনের গান দারুণ জনপ্রিয়।