সীতাকুণ্ডে ভাংচুরে মুখোশধারীরা
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গাড়িতে ভাংচুর চালিয়েছে মুখোশপরা একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোয়াজীপাড়া রাস্তার মাথায় এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাস, অটো রিকশাসহ ১৫টি যানবাহন ভাংচুর করা হয়েছে। তবে পুলিশ বলেছে, পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাংচুর হয়েছে।
হামলার শিকার একটি বাসের যাত্রী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুখোশধারী দুর্বৃত্তদের দল ঢিল মেরে ও লাঠিসোঁটা দিয়ে যানবাহনে ভাংচুর করে।
একটি অটো রিকশায় আগুন দিতে দেখেছেন দেলোয়ার।
সীতাকুণ্ড থানার এসআই মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ-ছয় জনের একটি দল অতর্কিতে মহাসড়কে উঠে ঢিল ছুড়ে গাড়ি ভাংচুর শুরু করে।
হামলাকারীরা পাঁচ-সাত মিনিটের মধ্যে মহাসড়ক ছেড়ে চলে যায় বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এসআই মাসুদ বলেন, হামলাকারীদের মধ্যে দুজন মুখোশ পরা ছিল।
হামলাকারীরা যাত্রীদের কোনো টাকা-পয়সা লুট করেনি বলে দাবি করেন তিনি।
কারা এ ঘটনা ঘটিয়েছে- জানতে চাইলে এসআই মাসুদ বলেন, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ছিল না। কারা ঘটিয়েছে তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
