২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ইটভাটায় বাংলাদেশের শিশু

অভাবের তাড়নায় বাংলাদেশের শিশুরা দালালের মাধ্যমে ভারতের ইটভাটায় কাজ করতে গিয়ে বেতন-ভাতা কিছুই পাচ্ছে না বলে অভিযোগ করেছে তাদের পরিবার। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সাতক্ষীরায় এ রকম কয়েকজন শিশু পালিয়ে আসার পর বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তাদের বাবা-মা।

জেলার পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের দিনমজুর আফসার আলির স্ত্রী নুরুন্নাহার বেগম জানান, তার ছেলে আফজাল (১৬) ও বোন জাহেদার ছেলে ফয়সলকে (১৭) ভারতের তামিলনাড়ুতে ইটভাটায় দৈনিক ৮০০ টাকা মজুরিতে কাজ দেয়ার কথা বলে এক বছর আগে নিয়ে যায় সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাবু সরদার, লিয়াকত সরদার ও কুলতিয়া গ্রামের জিয়ারুল ইসলাম।

“শ্রমের বিনিময়ে টাকা চাইলে তারা জানায়, বাংলাদেশের দালালরা ভাটা মালিকের কাছে তাদের বিক্রি করে দিয়ে গেছে। এর বিনিময়ে দেওয়া টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো টাকা ছাড়াই ক্রীতদাস হিসাবে কাজ করতে হবে তাদের।”

সেখান থেকে বেরোনোর চেষ্টা করা হলে তাদেরকে মেরে ফেলারও হুমকি দেয় মালিকরা।

ছেলেদের বরাত দিয়ে নুরুন্নাহার দাবি করেন, ফয়সল ও আফজালের মতো সেখানে আরও অন্তত ৩০ জন শিশুশ্রমিক আটকা আছে।