জামিনে এসে ফের ছাত্রী অপহরণ
অপহরণ মামলায় জামিনে কারাগার থেকে বের হয়ে আবারো সেই ছাত্রীকেই অপহরণ করেছে লক্ষ্মীপুরের এক যুবক।
সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে অপহরণের ঘটনা ঘটে।
সদর উপজেলার দত্তপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী ঘটনার সত্যতা স্বীকার বলেছেন, আসামি ধরার চেষ্টা চলছে। একইসঙ্গে ছাত্রীকেও উদ্ধারের চেষ্টায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
অভিযুক্ত মোরশেদ হোসেন ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবুল কালামের ছেলে।
ছাত্রীর বাবা জানান, গত বছরের শেষ দিকে মেয়েকে অপহরণ করায় মোরশেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সম্প্রতি জামিনে এসে আবারো সে একই কাজ করে।
এর আগে অপহরণের পর ওই ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছিল।
তিনি বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তার মেয়েকে মোরশেদ হোসেন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জেহাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
