২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর দূতাবাসে ‘হুমকিদাতা’ রিমান্ডে

মিশর দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার শওকত ওসমান ওরফে শওকত আফসারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

সন্দেহভাজন এই শিবিরকর্মীকে আটকের পরদিন বৃহস্পতিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ।

শুনানি শেষে মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন চার দিন হেফাজতের নির্দেশ দেন।

হেফাজতের আবেদনে শওকতকে ইসলামী মৌলবাদী চক্রের সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

হামলার হুমকি সম্বলিত একটি চিঠি মঙ্গলবার পাওয়ার পর ঢাকার মিশর দূতাবাস তাদের কনস্যুলার শাখা ১০ দিনের জন্য বন্ধ করে দেয়।

হুমকিদাতা নিজেকে মিশরের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক বলে দাবি করেন। মৌলবাদী সংগঠন মুসলিম ব্রাদারহুড সমর্থক মুরসি সেনা অভ্যুত্থানে উৎখাতের পর মিশরে সহিংসতায় সহস্রাধিক মানুষ মারা গেছেন।

মিশর দূতাবাসে পাঠানো চিঠিতে থাকা মোবাইল ফোন নম্বরের সনাক্ত করে বুধবার রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শওকতকে ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস কোচিং সেন্টার থেকে গ্রেপ্তার করে পুলিশ। শিবির ও জামায়াতে ইসলামী মুরসিকে উৎখাতের প্রতিবাদ জানিয়ে আসছে।

হুমকির পর মিশর দূতাবাসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। র‌্যাবও ওই এলাকায় টহল জোরদার করেছে।

পুরনো খবর:

মিশর দূতাবাসে হুমকি: শিবিরকর্মী গ্রেপ্তার
মিশরে নিহত ছয়শ ছাড়িয়েছে