তাইন্দং সহিংসতা: ১৮ দিন পর ঘটনাস্থলে এমপি
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং সহিংসতার ১৮ দিন পর বুধবার ঘটনাস্থলে গেলেন স্থানীয় সাংসদ এবং শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাকে ঘিরে ধরেন এবং ক্ষোভ প্রকাশ করেন।
তবে চিকিৎসার জন্য ভারতে থাকায় এতোদিন এলাকায় আসতে না পারায় ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখপ্রকাশ করেন সাংসদ যতীন্দ্র লাল।
পরে তিনি হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত তিনটি পাহাড়ি গ্রাম পরিদর্শন করেন এবং স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
গত ৪ অগাস্ট এক বাঙালি মোটরসাইকেল চালককে অপহরণের খবর প্রচার করে পাহাড়িদের তিনটি গ্রামে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুটি বিহারও ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ভয়ে গ্রাম থেকে বেরিয়ে পাহাড়িরা ফেনী নদী পাড় হয়ে জঙ্গলে ও সীমান্তের শূণ্যরেখায় অবস্থান নেন।
সরকার ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিরাপত্তার আশ্বাস দিলে তারা নিজেদের বসতিতে ফিরে আসেন। সরকারের পক্ষ থেকে তাদেরকে ত্রাণসহ বিভিন্ন সহযোগিতা করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকও করে স্থানীয় পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ যতীন্দ্র লাল ত্রিপুরা তাইন্দংয়ের বগাপাড়ায় পৌঁছালে পাহাড়িরা তাকে ঘিরে ধরে এবং ঘটনার এতোদিন পরেও পুনর্বাসনের যথাযথ উদ্যোগ ও সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সাংসদ সর্বেশ্বরপাড়া এবং মনুদাস পাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পাশাপাশি দুটি বৌদ্ধ মন্দিরও পরিদর্শন করেন এবং সেখানকার দায়ক-দায়িকাদের সঙ্গে কথা বলেন।
ঘটনার ১৮ দিন পর ঘটনাস্থল পরিদর্শনের প্রতিক্রিয়ায় যতীন্দ্র লাল ত্রিপুরা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আমার শরীরে একটি অস্ত্রোপচারের জন্য ঘটনার সময় ভারতে ছিলাম। ঘটনা শোনার পর তড়িঘড়ি করে ফিরে এসেছি। চিকিৎসকের নির্দেশে হয়তো আবার যাওয়া লাগতে পারে।”
এ সময় সংসদ সদস্যের সঙ্গে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এস এম শফি, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহে আলম, মাটিরাঙ্গা থানার ওসি মাঈনুদ্দীন খান, তাইন্দং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
