২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে ডাকা সিনেটের ‘বিশেষ অধিবেশনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একেএম ইউসুফ হায়দার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আজিজ এবং সাংবাদিক মাহফুজ উল্লাহ বৃহস্পতিবার এই আবেদন করেন।

রিটে ওই বিশেষ সিনেট অধিবেশন না করতে নির্দেশনা চাওয়া হয়েছে। আর অধিবেশন হলেও তাতে যেন কোনো প্রস্তাব পাস না হয় সে নির্দেশনাও চেয়েছেন রিটকারীরা।

পাশাপাশি উপাচার্য প্যানেল নির্বাচনে বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে আবেদনে।

রিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিবন্ধকসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

তিন বাদীর পক্ষে ব্যারিস্টার এম বেলায়েত হোসেন আবেদনটি আদালতে জমা দেন। তবে বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হয়নি।

সিনেটের ওই বিশেষ অধিবেশন শনিবার বসার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ১০৫ জন সদস্য থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ৫০ জন। এতো কম সদস্য নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হতে পারে না যুক্তি দেখিয়ে রিটটি করা হয়।

অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ অবস্থায়ও নির্বাচন করতে আইনগত কোনো বাধা নেই।

২০০৯ সালের ১৫ জানুয়ারি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে উপাচার্য হিসাবে নিয়োগ দেন আচার্য।

নিয়ম অনুযায়ী, সিনেট সদস্যদের ভোটে উপাচার্য হিসাবে নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল নির্বাচিত করা হবে, যাদের মধ্যে থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।