১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা
১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে বুধবার দিনভর জেরা করেছেন এক আসামির আইনজীবী।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে আসামি এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিমের দুই আইনজীবী এই জেরা করেন।
জেরায় আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ প্রশ্ন করেন, “আবদুর রহিমের দেয়া ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি মনঃপুত না হওয়ায় তাকে আবার রিমান্ডে নেন।”
জবাবে মনিরুজ্জামান বলেন, দ্বিতীয়বার অন্য মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়।
এই মামলায় আদালতে সাক্ষ্য দেয়া কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করে তদন্ত কর্মকর্তার কাছে তাদের দেয়া ১৬১ ধারার জবানবন্দির বিভিন্ন বিষয়ে জানতে চান আসামির আইনজীবীরা।
কামরুল ইসলাম বলেন, ‘তৎকালীন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আবদুল্লাহ হেল বাকী ২০০৯ সালের ৩০ জুলাই দেয়া জবানবন্দিতে ঘটনার সঙ্গে আবদুর রহিমের সম্পৃক্ততার বিষয়ে কোনো বক্তব্য দেননি।
জবাবে মনিরুজ্জামান বলেন, প্রথম জবানবন্দিতে বলেননি। তবে ২০১০ সালের ৩ এপ্রিল দেয়া দ্বিতীয় জবানবন্দিতে বলেছেন।
ভয়, ভীতি ও লোভ দেখিয়ে আবদুল্লাহ হেল বাকীর কাছ থেকে পরের জবানবন্দি নেয়া হয়েছে বলে আইনজীবী দাবি করলে তদন্ত কর্মকর্তা বলেন, তা সত্য নয়।
সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুকের দেয়া ১৬১ ধারায় তিনটি জবানবন্দির বিষয় উল্লেখ করে আইনজীবী কামরুল ইসলাম প্রশ্ন করেন, তার প্রথম দুটি জবানবন্দিতে এনএসআই বিষয়ে কিছু নেই।
২০০৯ সালের ৮ অক্টোবর এই মামলায় সিআইডির সাবেক ডিআইজি ফররুখ আহমেদ চৌধুরীর দেয়া জবানবন্দির বিষয় উল্লেখ করে আসামির আইনজীবী বলেন, এই জবানবন্দিতেও ঢাকা এবং চট্টগ্রামের এনএসআই কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে কোনো বক্তব্য নেই।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।
অধিকতর তদন্তের পর জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ নতুন ১১ জনকে আসামি করে ২০১১ সালের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মনিরুজ্জামান।
