মংলা ও মোরেলগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত
পূর্ণিমার সময় সাগরে লঘুচাপের ফলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বাগেরহাটের মংলা ও মোরেলগঞ্জের বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার দুপুরের জোয়ারে পানিতে প্লাবিত হয় মংলা পোর্ট পৌরসভার নিউ মেইনরোড, বিএলএস সড়ক, মাদরাসা সড়ক, শেখ আব্দুল হাই সড়ক, মাছ বাজার ও কাঁচা বাজার এবং মোরেলগঞ্জ পৌরসভার বাজার, বারুইখালী, উত্তর সরালিয়া, ভাইজোড়া ও কাঁঠালতলা।
গত দুদিন ধরে এসব এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বলে স্থানীয়রা জানান।
মংলা ও পশুর নদীর মোহনায় অবস্থিত মংলা পোর্ট পৌরসভা এবং পানগুছি নদীর তীরে মোরেলগঞ্জ পৌরসভার জন্য বেড়িবাঁধ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মংলা পোর্ট পৌরসভার বিএলএস সড়কের ওষুধ ব্যবসায়ী আবু জাহিদ এবং স্বর্ণ ব্যবসায়ী সোলায়মান গাজী বলেন, প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানিতে দোকান প্লাবিত হচ্ছে। গত দুই/তিন বছর ধরে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাঁধের আওতায় না আসা পর্যন্ত এ দুর্ভোগ লাঘব হবে না বলে মনে করেন তারা।
মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে এখানকার অধিকাংশ নদী খাল মরে গেছে। প্রভাবশালীরা নদী খালে বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে।
ফলে অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার এলে তা ওইসব নদী খালে যেতে না পারায় জোয়ারের পানি মংলা পৌরসভার অধিকাংশ এলাকায় ঢুকে পড়ে। ওইসব নদী খালের অবৈধ বাঁধ অপসারণ ও পশুর নদীর ড্রেজিং করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মংলা পৌর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, মংলা পৌরসভা মংলা ও পশুর নদীর মোহনায় অবস্থিত। পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডের কমবেশি এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।
তিনি বলেন, পৌরসভাটিকে বাঁধের আওতায় আনতে সাত কিলোমিটার শহররক্ষা বাঁধ নির্মাণ করা হবে। এজন্য এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) নগর উন্নয়নের জন্য বিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিগগিরই এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।
মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার ফজলুল হক বলেন, পানগুছি নদের তীরে মোরেলগঞ্জ পৌরসভা অবস্থিত। পানগুছি নদীতে পানি বৃদ্ধি পেলেই পৌরসভার অধিকাংশ এলাকা প্লাবিত হচ্ছে।
তিনি বলেন, এ এলাকার নদী-খালগুলো মরে গেছে। দীর্ঘদিন ধরে এগুলোর ড্রেজিং হচ্ছে না। মরে যাওয়া এসব নদী-খালে জোয়ারের পানি ঢুকতে না পারায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে।
এসব নদী-খাল খনন করা এবং মোরেলগঞ্জ পৌরসভাকে বেড়িবাঁধের আওতায় আনা প্রয়োজন বরে মনে করেন তিনি।
মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে দিন দিন পানগুছি নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। এই নদীতে কোনো বাঁধ না থাকায় হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছে। পৌরসভাকে বেড়িবাঁধের আওতায় আনতে প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন নদীতে পানির চাপ বাড়ছে। ভৈরব, পানগুছি ও বলেশ্বর নদে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
