সমুদ্র বন্দরে সতর্কতা বহাল
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃস্ট লঘুচাপটি সরে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হলেও দেশের তিন সমুদ্র বন্দরে তিন নম্বর সঙ্কেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া বিভাগ।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা এবং এসব অঞ্চলের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও অধিদপ্তর জানিয়েছে।
মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল এবং সারা দেশে এটি সক্রিয় রয়েছে উল্লেখ করে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
