২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজের জন্য বিমানের দুটি উড়োজাহাজ

হজ ফ্লাইট পরিচালনা করতে দুটি উড়োজাহাজ ভাড়া করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 04:26 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার বিমানের জনসংযোগ বিভাগের পরিচালক খান মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হজ ফ্লাইট পরিচালনা করতে একটি বোয়িং ৭৪৭ এবং একটি বোয়িং ৭৬৭ মডেলের উড়োজাহাজ ভাড়া করা হয়েছে।

খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্যে বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি আনা হচ্ছে ওয়েট লিজ পদ্ধতিতে। হজের পরে এটি ফেরত দেয়া হবে। আর বোয়িং ৭৬৭টি হজের পরও বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করতে ব্যবহার করা হবে।

বিমান এ বছরের হজ ফ্লাইট শুরু করবে ৭ সেপ্টেম্বর থেকে। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১৮ নভেম্বর।

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুসারে মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান এবং বাকি অর্ধেক করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজ।

ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজ পালনে সৌদি আরব যাবেন। অর্থাৎ বিমান পরিবহন করবে মোট ৪৪ হাজার ৫০০ হজযাত্রীকে।

বিমানের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এবছর হজ যাত্রী পরিবহনে মোট ৯২টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। এছাড়াও ২২টি নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে বিমান।

গত বছরের মতো এ বছরও চট্রগ্রাম ও সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করা হবে। গত বছরের মতো এ বছরও কোনো তৃতীয় বিমান সংস্থাকে হজযাত্রী পরিবহরে দায়িত্ব দেয়া হবে না।