স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন
স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
এছাড়া দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত মো. নজরুল ইসলাম পূর্বধলা উপজেলার বারহা গ্রামের বাসিন্দা।
মামলা চলার সময় এক আসামির মৃত্যু হলে তাকে অব্যহতি এবং দোষ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম জানান, দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর রাতে স্ত্রী আরজু খাতুনকে পিটিয়ে হত্যা করেন নজরুল। ১৫ ডিসেম্বর নিহতের বাবা মো. আমজাদ আলী বাদী হয়ে নজরুল ইসলামসহ একই গ্রামের এওয়াজ আলী, মঞ্জুল হক, নেওয়াজ আলী ও মন্নাফের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে ২০০১ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
