সিরাজগঞ্জের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির মামলা
সিরাজগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ফরিদ আহমদ পাটোয়ারী বাদী হয়ে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
আমিনুল ইসলাম বর্তমানে রাজশাহী বিভাগের স্থানীয় সরকার অধিদপ্তরে পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এ মামলায় হাট ইজারাদার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামার গ্রামের আব্দুল কুদ্দুসকেও আসামি করা হয়।
মামলার বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, আমিনুল ইসলাম সিরাজগঞ্জের ডিসি থাকাকালে বাংলা ১৪১৯ সনে ক্ষমতার অপব্যবহার করে আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে ৭৬ লাখ টাকার অধিক রাজস্বের এনায়েতপুর কাপড়ের হাট মাত্র ৩২ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা দেন।
এতে সরকারের প্রায় পঞ্চাশ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাসু দেব আরো জানান, দুটি জাতীয় দৈনিকে কমপক্ষে তিনবার বিজ্ঞাপন দেওয়ার বিধান থাকলেও সাবেক এই ডিসি স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহম্মেদ মামলার বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।
