গুলি রাখার দায়ে যুবকের ১০ বছর জেল
নিজের কাছে অবৈধ গুলি রাখার দায়ে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত।
মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ রায় দেন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হায়দার।
এছাড়া ঘটনায় সম্পৃত্ততা না থাকায় মামলার অপর এক আসামিকে খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান রুবেল (৩০) নগরীর সিঅ্যান্ডবি রোড থানা কাউন্সিল এলাকার মাজেদা মঞ্জিলের বাসিন্দা জহিরউদ্দিন মুন্সীর ছেলে।
খালাসপ্রাপ্ত মাইনুল হাসান ধিমান সিঅ্যান্ডবি ১ নম্বর পুল এলাকার ধানসিঁড়ি লজের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি মো. ফিরোজ আহম্মেদ জানান, ২০১১ সালের ৮ অক্টোবর রাতে নগরীর সাগরদি ফয়সাল মার্কেটের পিছনে আনিছ সিকদারের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে র্যাব আসাদুজ্জামান রুবেল ও মাইনুল ইসলামকে আটক করে।
পরে আসাদুজ্জামানের দেহ তল্লাশি করে তার পকেট থেকে ৬ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় ৯ অক্টোরব আটক দুই জনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন র্যাব-৮ এর হাবিলদার আব্দুস সত্তার।
একই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
