২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমান বয়াতিকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি

শেষ বিদায় দিতে গিয়ে লোকসঙ্গীতশিল্পী আবদুর রহমান বয়াতিকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট জনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার মারা যাওয়া এই শিল্পীকে মঙ্গলবার শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় সর্বজন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় এ লোকশিল্পীর, ‘মন আমার দেহঘড়ি’ গানটি গেয়ে যিনি এক সময় তরুণদের কণ্ঠে কণ্ঠে ঠাঁই করে নিয়েছিলেন।

প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ফকির আলমগীর বলেন, “বাউল গানকে তিনি দেশের সীমান্তের বাহিরে পরিচিত করেছেন। তরুণদের মধ্যে বাউল গানকে ছড়িয়ে দিয়েছেন। তিনি জীবিত অবস্থায় কোনো স্বীকৃতি পাননি। আমরা দাবি জানাই, তাকে মরণোত্তর সম্মাননা দেয়া হোক।”

আসাদুজ্জামান নূরও একই দাবি জানিয়ে বলেন, “তার অবদানের জন্যই তাকে সম্মান দেয়া উচিত।”

নাট্যব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, রহমান বয়াতির মৃত্যুর মধ্য দিয়ে লোকসঙ্গীতের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সকাল সাড়ে ১১টায় শিল্পীর মরদেহ নেয়া হয় শহীদ মিনারে। ওই সময় মঞ্চে বাজছিল ‘মন আমার দেহঘড়ি’ গানটি।

সাড়ে ১২টায় প্রয়াতের কফিন নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে তার প্রথম জানাজা হয়।

মাতুয়াইলে বাড়ির পাশের মসজিদে দ্বিতীয় জানাজার পর লাশ নেয়া হয় দয়াগঞ্জে। সেখানে নূর জামে মসজিদে জানাজার পর স্বামীবাগ পঞ্চায়েত কবরস্থানে এই শিল্পীকে সমাহিত করা হয়।

শহীদ মিনারে শিল্পীকে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন।

বহু জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবদুর রহমান বয়াতি ১৯৩৯ সালে ঢাকার সূত্রাপুরে জন্মগ্রহণ করেন৷ তার গানে সব সময়ই উঠে এসেছে মাটি আর মানুষের কথা৷

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের (সিনিয়র) আমন্ত্রণে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানেও গান পরিবেশন করে প্রশংসা কুড়ান রহমান বয়াতি।

চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চে লোকগান গাওয়ার পাশাপাশি একটি ব্যান্ড দলের সঙ্গে মিলে মিশ্র অ্যালবামেও গেয়েছেন রহমান বয়াতি। 

তার কণ্ঠে ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণে ধৈর্য্য মানে না’, ‘এই পৃথিবী যেমন আছে তেমনই রবে/সুন্দর এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে’, ‘দিন গেলে আর দিন পাবি না’, ‘আমার মাটির ঘরে’-র মতো গানগুলো গত শতকের শেষভাগে বাংলাদেশের তরুণদের মুখে মুখে ফেরে।