কৃষিতে বাংলাদেশের সহযোগিতা চায় উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদল।
সম্প্রতি কমিউনিস্ট শাসিত দেশটি সফর করে আসা সাংসদ বাদল মঙ্গলবার সংসদীয় কমিটিকে উত্তর কোরিয়ার এ আগ্রহের কথা জানিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মইন উদ্দীন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তর কোরিয়ার সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ জানিয়েছে কৃষি উন্নয়নে বাংলাদেশের সাফল্যকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কৃষি উন্নয়নে বাংলাদেশের সহযোগতিা পেতে আগ্রহের কথা জানিয়েছে তারা।”
বিষয়টি কমিটি বৈঠকে তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে উত্তর কোরিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা সরকারকে বিবেচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গত ২১ জুলাই উত্তর কোরিয়া সফরে যান জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল। ১০ দিনের এই সফরে কোরিয়ার রাজনৈতিক নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ের কর্তা-ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে বাদল জানিয়েছেন।
এদিকে বাংলাদেশের কৃষি উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) স্বাধীনতা পুরস্কার দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ বিষয়ে বাদল বলেন, “বাংলাদেশে উত্তরোত্তর কৃষি উন্নয়নে বিএডিসির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিষ্ঠানটিকে স্বাধীনতা পুরস্কার দেয়ার সুপারিশ করা হয়েছে।”
কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফার সভপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল ও আমিনা আহমেদ অংশ নেন।
সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম নাজমুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
