গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কারখানা বন্ধ
গাজীপুর সদরে শ্রমিক বিক্ষোভের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে তেলিপাড়া এলাকায় ‘এস কে ক্রিস্টাল সেলসিয়াস’ কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন জানান, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং প্রশাসনিক কর্মকর্তা মো. রাইসুল আলমকে অপসারণের দাবিতে শ্রমিকরা কয়েকদিন ধরেই বিক্ষোভ ও কর্মবিরতি করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল ৮টা থেকেই বিক্ষোভ শুরু হয়। সকাল ১০টার দিকে তারা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পরে তারা মিছিল নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে দেখা করার জন্য কারখানা ত্যাগ করেন।
মালিকপক্ষের বরাত দিয়ে পুলিশ সুপার মোশারফ আরো বলেন, সোমবার বিজিএমইএর সঙ্গে বৈঠক করে কারখানা কর্তৃপক্ষ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ছাঁটাই করা ১৬ জন শ্রমিককের পাওনা পরিশোধ করে দেয়া হয়। শ্রমিকদের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা কারখানা ভাংচুরের মামলাও প্রত্যাহার করা হয়।
সেইসঙ্গে প্রশাসনিক কর্মকর্তা রাইসুলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কিন্তু শ্রমিকরা সকালে কাজে এসে মঙ্গলবারের মধ্যেই রাইসুলের বরখাস্তের দাবিতে আবারো আন্দোলন শুরু করেন।
এ পরিস্থিতিতে পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেয় কর্তৃপক্ষ। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার নিটিং অপারেটর মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার (১৭ অগাস্ট) থেকেই শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করছেন। সকালে কারখানায় বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
এ পরিস্থিতিতে শ্রমিকরা তাদের দাবি নিয়ে প্রথমে মেয়রের গ্রামের বাড়ি যান। সেখানে তাকে না পেয়ে যান মেয়রের কার্যালয়ে।
এ সময় মেয়র এমএ মান্নান শ্রমিকদের বলেন, “আমি বিষটি দেখব। যা হওয়ার নিয়মানুযায়ীই হবে।”
