সাতক্ষীরায় ৩ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার
হরতালে পুলিশের উপর হামলাসহ কয়েকটি অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির গাজী সুজায়েত আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মির্জাপুর বাজার থেকে সুজায়েত আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি পাটকেলঘাটা হারুনার রশিদ কলেজের প্রভাষক।
এছাড়া সোমবার রাতে গ্রেপ্তার করা হয় জামায়াতকর্মী কলারোয়ার মুরারীকাটি এলাকার অজেত আলীর ছেলে অমেদ আলী (৪৫) ও গোপীনাথপুর এলাকার প্রয়াত ফজর আলীর ছেলে হাতেম আলীকে (৪০)।
পাটকেলঘাটা থানার ওসি মামুনার রশিদ জানান, গাজী সুজায়েত আলীর বিরুদ্ধে জামায়াত-শিবিরের ডাকা হরতালে সড়ক অবরোধ, সরকার কাজে বাধাদান ও নাশকতা সৃষ্টির মদদ দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এছাড়া পাটকেলঘাটা থানার সাবেক ওসি আক্তারুজ্জামানকে পিটিয়ে রক্তাক্ত জখম করার মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে হরতালে নাশকতা সৃষ্টি, সড়ক অবরোধ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে কলারোয়া থানায় মামলা রয়েছে।
