পা পিছলে আহত মাহী বি চৌধুরী
মালয়শিয়ায় বৃষ্টির মধ্যে গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হয়েছেন বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
কুয়ালালামপুরের স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মাহীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাহী বি চৌধুরী পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তার পায়ে চার ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। পায়ে ৯টি স্ক্রু ও স্টিল প্লেট সংযোজন করেছেন চিকিৎসকরা।
জাহাঙ্গীর আলম জানান, বদরুদ্দোজা চৌধুরী গত ১৩ অগাস্ট স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, ছেলে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হক (লোপা) এবং মাহীর দুই সন্তান সেহরেজাদ ও আরাসতালিশ বি চৌধুরীকে নিয়ে মালয়শিয়া যান। সোমবার স্ত্রীকে নিয়ে সেখান থেকে ব্যাংকক যান তিনি।
বাবা-মাকে বিদায় জানিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে হোটেলে ফিরছিলেন মাহী বি চৌধুরী। বৃষ্টির মধ্যে হোটেলের সামনে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান সাবেক এই সংসদ সদস্য।
