কলারোয়ায় ফাঁড়িতে হামলা: জামায়াতের ৭শ’ আসামি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার রাতে কলারোয়া থানা মামলাটি দায়ের করেন সরসকাটি ফাঁড়ির এসআই লিয়াকত আলি।
লিয়াকত আলি জানান, মামলায় স্থানীয় জামায়াত নেতা বুলবুল ও ওবায়দুর রহমানকে প্রথম ও দ্বিতীয় নম্বর আসামি করে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।
রোববার একটি মামলার আসামি জামায়াতের স্থানীয় নেতা আলতাফ হোসেন মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর কয়েকশ’ জামায়াত-শিবিরকর্মী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় তারা একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। স্থানীয় মোতালেব খাঁ নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধোর করে।
পরে সাতক্ষীরা থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
