২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিলেন ফেলানীর বাবা ও মামা

বাংলাদেশি কিশোরী ফেলানীকে হত্যার ঘটনায় ভারতের একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন তার বাবা নুরুল ইসলাম।

কুড়িগ্রাম প্রতিনিধি

কোলকাতা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ঘটনায় এই প্রথমবারের মতো কোনো বিএসএফ সদস্যের বিচার হচ্ছে।

কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর এই বিশেষ আদালতে ফেলানীর মামা আব্দুল হানিফও সাক্ষ্য দেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন বিচার কাজে বাংলাদেশের প্রতিনিধি কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ আদালতের কার্যক্রম চলে। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্যের পর তাদের জেরা করেন এবং জবানবন্দি নেন ভারতের ডিফেন্স অফিসার মিস্টার সিন্ধু। তাকে সহযোগিতা করেন আনন্দ জ্যোতি মজুমদার।

ডিইজি সিপি ত্রিবেদীর সভাপতিত্বে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলির আদারতে বিএসএফের পক্ষে শুনানিতে অংশ নেন ভারতের পিপি বিপিন কুমার। এসময় ফেলানী হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষ উপস্থিত ছিলেন।

এমামলায় অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হতে পারে।

আব্রাহাম লিংকন ছাড়াও বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ।

মঙ্গলবার অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষের বক্তব্য শুনবে আদালত। তার আগে ফেলানীর বাবা ও মামা আবারো বক্তব্য দেবেন। আদালতে নুরুল ও হানিফকে সহায়তা করছেন লিঙ্কন।

রোববার বিকালে বুড়িমারী-চেংড়াবান্দা সীমান্ত দিয়ে ভারতে পৌঁছান তারা।

দূতাবাসকে ‘তৎপর’ থাকার সুপারিশ

এদিকে ফেলানী হত্যার বিচার নিয়ে ভারতের বাংলাদেশ দূতাবাসকে তৎপর থাকতে বলেছে সংসদীয় কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেলানী হত্যার বিচার নিয়ে কমিটিতে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিচারের অগ্রগতি যাতে আমরা যথাযথভাবে জানতে পারি সেজন্য ভারতের বাংলাদেশি দূতাবাসকে তৎপর থাকতে বলা হয়েছে।”

সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলেও জানান তিনি।

কমিটির সদস্য বিএনপির সাংসদ এএম মাহবুব উদ্দিন খোকন ফেলানী হত্যার বিচার নিয়ে ভারতের আদালতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকে আমি বলেছি, ফেলানীর বিচার কীভাবে হচ্ছে তা আমরা জানি না। সেখানে বাংলাদেশ সরকার ও এনজিও প্রতিনিধিদের থাকতে হবে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ফেলানী হত্যার বিচারের অগ্রগতি দেশের মানুষকে জানাতে ভারতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের তৎপর থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।’

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী। কাঁটাতারের বেড়ার ওপর তার ঝুলন্ত লাশের ছবি গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ফেলানী হত্যার জন্য দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনতে দেশের ভেতরে-বাইরে ব্যাপক শোরগোলের মধ্যে গত ১৩ অগাস্ট বিচার শুরু করে ভারত।

পুরনো খবর:

সাক্ষ্য দিতে ভারতে ফেলানীর বাবা ও মামা