২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে ভারতে ফেলানীর বাবা ও মামা

ফেলানী হত্যা মামলায় সাক্ষ্য দিতে ভারতে গেছেন বাংলাদেশি এ কিশোরীর বাবা নুরুল ইসলাম ও মামা আব্দুল হানিফ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 03:02 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

পুরনো খবর:

ফেলানী হত্যার বিচার শুরু: নির্দোষ- দাবি বিএসএফ সদস্যের
শুরু হচ্ছে ফেলানী হত্যার বিচার

মামলায় সাক্ষ্য দিতে এবং শুনানিতে অংশ নিতে রোববার বিকালে ভারতে পৌঁছেন ফেলানীর বাবা, মামা, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ।

বিকাল সাড়ে ৩টার দিকে বিএসএফের একটি প্রতিনিধি দল লালমনিহাটের বুড়িমারী চেকপোস্টে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে ভারতে নিয়ে যায়।

সকাল ৯টার দিকে কুড়িগ্রাম ৪৫ বিজিবির সদর দপ্তর থেকে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হন তারা।

সোমবার ভারতের কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৮১ ব্যাটেলিয়নের সদর দপ্তরে গঠিত বিশেষ আদালতে সাক্ষ্য দেবেন এ হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী ফেলানীর বাবা ও মামা।

আগামী বৃহস্পতিবার (২২ অগাস্ট) পর্যন্ত এ আদালতের শুনানিতে অংশ নেবেন বাংলাদেশের এ প্রতিনিধিরা।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছর বয়সী ফেলানী। কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি প্রকাশ হলে তখন ব্যাপক সমালোচনায় পড়ে বিএসএফ।

 

Image
File Photo

File Photo

ফেলানীর বাবা নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের নুরুল ইসলাম নূরু ১০ বছর ধরে দিল্লিতে কাজ করতেন। তার সঙ্গে সেখানেই থাকতো ফেলানী।

দেশে বিয়ে ঠিক হওয়ায় বাবার সঙ্গে ফেরার পথে সীমান্ত পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর। এতে ভয়ে সে চিৎকার দিলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং পরে লাশ নিয়ে যায়।

এরপর ফেলানীকে হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয় গত ১৩ অগাস্ট।

জিয়াউল হক খালেদ বলেন, “ফেলানী হত্যার বিচার কার্যক্রম শুরু হওয়ায় আমাদের প্রথম বিজয় হয়েছে। ভারতের বিশেষ আদালতে ১৯ অগাস্ট থেকে ২২ অগাস্ট পর্যন্ত শুনানিতে অংশ নেব। আমরা ন্যায় বিচার পাব বলে আশা করছি।”

ভারতে শুনানিতে অংশ নেবেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন। তিনি বাংলাদেশের হয়ে শুনানি করবেন।

আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে জোড়ালো ভূমিকা রাখার কথাও জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের বিচারে ন্যায়বিচার নিশ্চিত হলে দুদেশের সীমান্তরক্ষীরা আর গুলির চিন্তা করবে না। দোষীদের শাস্তি হলে দুদেশের সীমান্ত ব্যবস্থাপনায় তা মাইল ফলক হয়ে থাকবে।

ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, “আমার মেয়েটাকে কিভাবে গুলি করে মেরেছে তা আদালতে জানাব। আমি দোষীদের ফাঁসি চাই। আর চাই ক্ষতিপূরণ।”