খুলনায় তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
মেঘনা পেট্রোলিয়ামের এক কর্মকর্তাকে প্রত্যাহারের পর খুলনার জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা সোমবার ধর্মঘট প্রত্যাহার করেছেন।
মেঘনা পেট্রোলিয়াম খুলনা অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এ কে এম আকতার কামাল চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম এবং অসদাচরণের অভিযোগ এনে গত শুক্রবার থেকে ধর্মঘটের ডাক দেয় সংশ্লিষ্ট চারটি সংগঠন।
সোমবার দুপুরে ওই কর্মকতাকে প্রত্যাহার করে মেঘনা পেট্রোলিয়ামের চট্টগ্রামের প্রধান কার্যলয়ে সংযুক্ত করা হয়।
পরে দুপুর ২টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, পদ্মা-মেঘনা-যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি।
ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম মাহবুব আলম জানান, মেঘনা পেট্রোলিয়ামের সহকারী জেনারেল ম্যানেজার আকতার কামাল চৌধুরীকে প্রত্যাহার করে নেয়ার পর চারটি সংগঠন সভা করে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
তিনি জানান, ধর্মঘট প্রত্যাহারের ফলে মেঘনা পেট্রোলিয়াম থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলন ও বিপণন শুরু হয়েছে।
