সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে জামায়াতের হামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীরা।
রোববার দুপুরের ওই হামলায় জামায়াত-শিবিরের কয়েকশ পুরুষ ও মহিলাকর্মী অংশ নেয় বলে জানিয়েছে প্রত্যক্ষর্শীরা।
ফাঁড়িতে হামলার পর স্থানীয় একটি ক্লাব ভাঙচুরের মামলায় আটক জয়নগর ইউনিয়ন জামায়াতের আমির আলতাফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
তবে কলারোয়া থানার ওসি শাহ দারা খান আলতাফকে ছিনিয়ে নেয়ার কথা অস্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর আলতাফ হোসেন অসুস্থ হয়ে পড়ায় তাকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মেম্বারের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।
ওসি মুচলেকার কথা বললেও নাম প্রকাশে অনিচ্ছুক কলারোয়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, আলতাফকে আটক করার পর বিক্ষুব্ধ জামায়াত ও শিবিরকর্মীরা তার মুক্তি দাবি করে মিছিল করে।
“এক পর্যায়ে তারা সরসকাঠির পুলিশ ফাঁড়ি অবরুদ্ধ করে ও হামলা চালায়। এসময় গাছের গুঁড়ি ফেলে তারা চারদিকের রাস্তায় অবরোধ সৃষ্টি করে একং ককটেল ফাটিয়ে ভীতিকর অবস্থার সৃষ্টি করে।”
ওই সময় ফাঁড়িতে একজন এসআই ও এএসআইসহ সাত পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন বলে তিনি জানান।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আলতাফ হোসেনকে মুক্ত করার পর তাকে নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা আবার মিছিল বের করে।”
তিনি আরো জানান, এসময় মোতালেব খাঁ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে রাস্তার ওপর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে কলারোয়ায় থানা ঘেরাওসহ অবরোধ, ভাংচুর ও জ্বালাও-পোড়াওয়ের বিভিন্ন ঘটনায় করা মামলাগুলোতে আলতাফ তালিকাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছেন।
