পীরগঞ্জে ভটভটি উল্টে ২ গরু ব্যবসায়ী নিহত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের রওশনপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৫০) ও চকফুলা গ্রামের মৃত হেসকার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০)।
পীরগঞ্জ থানার ওসি জাহিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদারগঞ্জ হাটে গরু কিনে ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী আব্দুস সামাদ ও আমিনুল ইসলাম। রওশনপুরে সেটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিনুল।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সামাদের মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
