‘উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে’
দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপকে বাস্তবে রূপ দিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন।”
কোনো সীমারেখা না টেনে মানুষের কল্যাণে সামাজিক প্রতিষ্ঠানসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান শিরীন শারমিন।
ঢাকার একটি হোটেলে সোনারগাঁও রোটারি ক্লাবের একবিংশতম পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্পিকার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনারগাঁও রোটারি ক্লাবের সভাপিতি মো. আবুল কালাম, অভিষেক কমিটির চেয়ারপারসন মো. ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
