মুফতি জসীমকে মাদ্রাসা কমিটি থেকে বহিষ্কার
উগ্রপন্থী গোষ্ঠী ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে তার মাদ্রাসা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার মোহাম্মদপুরের বছিলার মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১৩ অগাস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গ্রেপ্তার মাদ্রাসা কমিটির চেয়ারম্যান জসীম উদ্দিন রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত আছেন।”
বিষয়টি মাদ্রাসা পরিচালনা কমিটির জন্য খুবই দুঃখজনক উলেখ করে বিবৃতিতে বলা হয়, শুক্রবার মাদ্রাসার কার্য নির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে জসীম উদ্দিনকে বহিষ্কার করে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম রহমতকে চেয়ারম্যান করা হয়।
এ বিষয়ে শহীদুল ইসলাম রহমত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জসীম উদ্দিনের কর্মকাণ্ড বিষয়ে আমরা কোনোভাবেই অবগত ছিলাম না। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হওয়ার পর কমিটির সকল সদস্য বসে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিই।”
আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবেন বলে জানান তিনি।
গত ১২ অগাস্ট বরগুনা থেকে জসীম উদ্দিনসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জসীমের বছিলার বাসা এবং মাদ্রাসায় তার কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, সিডিসহ উস্কানিমূলক বই উদ্ধার করা হয়।
এদিকে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শনিবার জানান, জসীমকে ব্লগার আহমদে রাজীব হায়দার হত্যা এবং ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরগুনার আদালতে শুনানি শেষে আগামী ২১ অগাস্ট তাকে ঢাকায় আনা হতে পারে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, জসীমের কার্যালয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া গেছে, যাদের মধ্যে রাজীব ও অসিফের নামও রয়েছে।
তিনি বলেন, জসীমকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে।
মনিরুল ইসলাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর চেয়েও উগ্র।
সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রে দণ্ডিত বাংলাদেশি তরুণ নাফিসের সঙ্গে এই উগ্রপন্থী গোষ্ঠীর যোগাযোগের প্রমাণ পেয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
