২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া জামায়াত সেক্রেটারি ২ দিনের রিমান্ডে

ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাফফর আহমদের দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মো. নোমান আসামির দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড চাইলে বিচারক দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

শুক্রবার বিকালে নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আবদুল লতিফ বলেন, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতকানিয়ায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ওই ঘটনায় করা মামলাসহ তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর সাতকানিয়া ও লোহাগড়ায় ব্যাপক তাণ্ডব চালায় দলটির নেতাকর্মীরা।

এঘটনায় সাতকানিয়া ও লোহাগড়া থানায় করা চারটি মামলায় মোজাফফর এজাহারভুক্ত আসামি।