২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘরে বোমা বিস্ফোরণে আহত ১

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলীর একটি ঘরে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছে এক ব্যক্তি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 11:02 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

হাতবোমা বানানোর সময় বিস্ফোরণের মোহাম্মদ মানিক ওরফে সাদা মানিক আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এক্সইএন কলোনির পাশের পাহাড়ে অবৈধ একটি বেড়ার ঘরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি ময়নুল ইসলাম ভুইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মানিক নামে এক যুবকের ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘর থেকে একটি অবিস্ফোরিত বোমাও উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই ওই যুবক পালিয়ে যায় উল্লেখ করে ওসি ময়নুল বলেন, ধারণা করছি বোমা বানানোর সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই যুবক আহত হয় বলে শুনেছি।

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক মানিককে আহত অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।