২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলায় আহত শ্রমিক লীগ নেতার মৃত্যু

হরতাল চলাকালে মঙ্গলবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জামায়াত-শিবিরকর্মীদের মারপিটে আহত শ্রমিক লীগ  নেতা শেখ আলমগীর হোসেন (৪৫) মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 08:31 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিহত আলমগীর হোসেন দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও পারুলিয়া-সখিপুর পিকআপ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি। তিনি পারুলিয়া গ্রামের আব্দুল বারী শেখের ছেলে।

এ ঘটনায় আওয়ামী লীগ নেতারা দেবহাটা থানার ওসির অপসারণের দাবি জানিয়েছেন।

দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার গাজীরহাট এলাকায় হরতালবিরোধী একটি মিছিল বের হয়।

মিছিল শেষে আলমগীর হোসেনকে একা পেয়ে জামায়াত-শিবিরকর্মীরা বেধড়ক পিটিয়ে আহত করে বলে জানান দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওইদিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি ঘটলে পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে দেবহাটা থানার ওসি আব্দুল বারী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সকালে দুজনকে উপজেলার গাজীরহাট এলাকা থেকে আটক করা হয়েছে।

এরা হলেন দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের জিয়াদ আলি শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও শিমুলিয়া গ্রামের ইসমাইল গাজীর ছেলে মনিরুল ইসলাম (২৫)।

তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সকালে আলমগীরের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে পারুলিয়া-সখিপুর পিকআপ মাইক্রোবাস চালক সমিতি ও উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়ায় ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে।

এ সময় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনছুর আহমেদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পারুলিয়ায় ছুটে যান।

তারা ৪৮ ঘণ্টার মধ্যে আলমগীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও দেবহাটা থানার ওসি আব্দুল বারীকে অপসারণ করার দাবি জানান।