‘বিশ্ব ব্যাংকের অপেক্ষা না করলে কাজ শুরু করা যেত’
বিশ্ব ব্যাংকসহ দাতাদের করা নকশা অনুযায়ীই পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার মাদারীপুরে সাইট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দ্বিতীয়বার বিশ্বব্যাংকের জন্য অপেক্ষা না করলে এতদিনে পদ্মা সেতুর মূল কাজ শুরু করা সম্ভব হতো।”
দুপুরে শিবচরে পদ্মা সেতু পুনর্বাসন এবং এপ্রোচ সড়কের সাইট এলাকা পরিদর্শন শেষে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, শরীয়তপুরের জাজিরা পর্যন্ত এপ্রোচ সড়ক ১১শ’ কোটি টাকার কাজে মালামাল ক্রয় এবং লোকবল নিয়োগ করা হয়েছে। সেনাবাহিনীকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়। এখন কাজ শুরুটা সময়ের ব্যাপার মাত্র।
“আমরা আশা করি সেপ্টেম্বরের মাঝামাঝি এর নির্মাণ কাজ শুরু করতে পারব,” বলেন কাদের।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক নুর উর রহমান, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।
