নিরাজ ফিরেছে, ওপারে থেকে গেছে অন্তর
শেরপুরের শ্রীবরদী উপজেলার যে দুই যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছিল, তাদের মধ্যে একজন ভারতেই থেকে গেছেন।
বিজিবি জানিয়েছে, উপজেলার হাড়িয়াকোণা গ্রামের ফিরোজ সাংমার ছেলে অন্তর মারাক (২০) ভারতে থেকে গেছেন।
তার সঙ্গী একই গ্রামের সচিন্দ্র সাংমার ছেলে নিরাজ মারাক (১৮) দেশে ফিরে বিজিবির ভয়ে গা-ঢাকা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ভারত থেকে বাড়ি ফেরার পথে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ দুই যুবককে আটক করে বিএসএফ। পরে তাদের হাতিমারা ক্যাম্পে নিয়ে আটকে রাখা হয়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়।
কিন্তু বৃহস্পতিবার রাতেই ভারতে থাকা তাদের আত্মীয়-স্বজনরা এসে হাতিমারা বিএসএফ ক্যাম্প থেকে ছাড়িয়ে নিয়ে যান।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সীমান্তের ১০৯৩ নম্বর পিলারের কাছে শ্রীবরদীর হাড়িয়াকোণা মাঠে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
বৈঠকে অন্তর মারাককে ভারতীয় নাগরিক দাবি করে বিএসএফ জানায়, তিনি হাতিমারা এলাকায় বোনের বাড়ি থাকেন। তার ভগ্নিপতি মারা গেছেন। তাকে দেখার কেউ নেই।
ফলে অন্তর ভারতেই থেকে গেছে বলে জানান শ্রীবরদী কর্ণঝোড়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান।
তিনি জানান, নিরাজ মারাক শুক্রবার দেশে ফিরে বিজিবির ভয়ে গা ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, অন্তর এক মাস আগে হাতিমারা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। কিন্তু ফিরে না আসায় নিরাজ মারাক তাকে আনতে মঙ্গলবার ভারতে য়ান।
