ফেনীতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার উত্তর চর মজিলিশপুর গ্রামের বাসিন্দা সফিকুর রহমানকে (৪৫) তার নিজ বাড়ি থেকে ডাকাত সন্দেহে ধরে নিয়ে যায় লোকজন।
পরে তাকে বাড়ি থেকে প্রায় তিন কিলেমিটার দূরে একই গ্রামের আলাউদ্দিনের চা দোকানের সামনে নিয়ে বাঁশের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনী দেয়।
এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়লে রাত ৩টার দিকে তাকে পাশ্ববর্তী দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সফিকুরের স্ত্রী জাহানারা বেগম।
তিনি বলেন, “ভাত খাওয়া থেকে সফিককে ধরে নিয়ে যায় মেম্বার নাসির উদ্দিনসহ অন্যরা। মারধরের একপর্যায়ে মেম্বারের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করা হলেও তারা তাকে ছাড়েনি।
“সফিককে ধরে আনার পর মসজিদের মাইক থেকে গ্রামে ডাকাত পড়ার কথা বলে লোক জড়ো করা হয়।”
বুধবার দুপুরে জাহানারা বেগম বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ইউপি সদস্য মো. নাসির উদ্দিন (৩২), রতন (৩২), ফরহাদ (২৫), টিটু (৪২) ও পিয়াসকে (২৫) গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই মামলার এজাহারভূক্ত আসামি।
