২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়ি ভাংচুর

জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন সিরাজগঞ্জে গাড়ি ভাংচুরের সময় এক জনকে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 12:33 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার সকালে সদরের বহুলী এলাকা থেকে আটক হন মওলা (৪০)।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার নলকায় পুলিশ ও জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলায় পুলিশভ্যানের চালক সেলিম আহম্মেদ আহত হওয়ার ঘটনায়ও সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোরে ওই এলাকা থেকে তাদের ধরা হয়।

এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে সলঙ্গা থানায় ৩৯ জনের নাম উল্লেখসহ চার শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীর নামে মামলা করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের আটক করতে ভোর ৪টার দিকে নলকা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় অধিকাংশ জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়ি পাওয়া যায়নি। সন্দেহভাজন পাঁচ জনকে আটক করা হয়েছে।

তাদের সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহত পুলিশ কনস্টেবল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।

ওসি রফিকুল ইসলাম খান আরো বলেন, সকালে পিকেটাররা সদরের বহুলী এলাকায় একটি ভুটভুটি ভাংচুর করে। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে মওলা (৪০) নামে একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

হরতালে শহরের অধিকাংশ দোকানপাট ও দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতু হয়ে দুয়েকটি ট্রাক চলাচল করলেও যাত্রীবাহী কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে সেতু হয়ে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।