জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত : দীপু মনি
উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, কোনোভাবেই জামায়াতের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত।
“এতে বিদেশি কোনো ধরনের চাপ নেই।”
দীপু মনি মঙ্গলবার চাঁদপুরে সাংবাদিকদের বলেন, বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত থাকে তারা কাজ করার সুযোগ কোনো দেশে পায় না।
“অন্তত দুঃখের বিষয়, স্বাধীনতার পর বাংলাদেশে এরা নিষিদ্ধ ছিল। কিন্তু ’৭৫ এর ১৫ অগাস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়াউর রহমান। তিনিই এ অপশক্তিকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।”
পররাষ্ট্র মন্ত্রী বলেন, একাত্তরে তারা যে কায়দায় মানুষের উপর নির্যাতন চালিয়েছিল ২০০১ সালের পরও তারা একই কায়দায় নির্যাতন চালিয়েছে বিএনপির ছত্রছায়ায় থেকে। বিএনপিকে সঙ্গে নিয়ে আবার তারা একই কায়দায় মাঠে নামবার চেষ্টা করছে।
মন্ত্রী মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
