৭৪ ঘণ্টা পর বিদ্যুৎ পেল ভোলাবাসী
দীর্ঘ ৭৪ ঘণ্টা ধরে বিদ্যুতবিহীন থাকার পর আবার বিজলীর আলোর দেখা পেয়েছে ভোলাবাসী।
মঙ্গলবার রাত পৌনে ১১টার ভোলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপসহকারী প্রকৌশলী তাপস কুমার।
তিনি বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, রাত ১০.৪৫ মিনিট নাগাদ জাতীয় গ্রীডের সঙ্গে ভোলার বিদ্যুৎ সরবরাহের লাইন সংযুক্ত করা হয়।
গ্যাসভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বিকল হয়ে যাবার পর গত শনিবার রাত থেকে ভোলা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অবহেলার অভিযোগে ইতোমধ্যে ভোলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে বিদ্যুতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল থেকে বিদ্যুৎ অফিস ঘেরাও করে হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জেলা বিজেপি কার্যালয় থেকে বিদ্যুতের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোড এলাকায় এলে তাদের সঙ্গে বিক্ষুব্ধ জনতাও যোগ দেয়।
একপর্যায়ে কালীনাথ রায়ের বাজারের ওজোপাডিকো কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
