২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে রাজনৈতিক আশ্রয় চান সুখরঞ্জন

ভারতের হাই কোর্ট বাংলাদেশি ‘সুখরঞ্জন বালিকে’ ফেরত পাঠানোর আদেশ দেয়ার পর তিনি সে দেশের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 12:17 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

Image
সুখরঞ্জন বালি, বিবিসি বাংলায় প্রকাশিত ছবি

সুখরঞ্জন বালি, বিবিসি বাংলায় প্রকাশিত ছবি

বলা হচ্ছে, এই ব্যক্তিই যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী।

বিবিসি বাংলার এক খবরে বলা হয়, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সাজার মেয়াদ শেষে যাতে বাংলাদেশে ফেরত না পাঠানো হয়, সে জন্য ভারতের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন সুখরঞ্জন বালি।

দেশে ফিরলে সুখরঞ্জন ‘নিরাপত্তা সংস্থার হেনস্থা ও হয়রানির’ শিকার হতে পারেন- এমন আশঙ্কার কথা জানিয়ে এর আগে তার ভাইয়ের ছেলে একই আবেদন করেছিলেন কলকাতা হাই কোর্টে।

ওই আবেদন খারিজ করে ভারতীয় হাই কোর্ট বলেছিল, আবেদনে আশঙ্কার কথা বললেও তার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেনি সুখরঞ্জনের পরিবার।

সুখরঞ্জন বালির বড় ভাইয়ের ছেলে বাসুদেবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, তার চাচা রাজনৈতিক আশ্রয় চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এর সঙ্গে সুপ্রিম কোর্টে করা আবেদনটিও যুক্ত করে দেয়া হয়েছে। 

চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টে সুখরঞ্জনের আবেদনের ওপর শুনানি হতে পারে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়।

গত ২৩ ডিসেম্বর অবৈধভাবে ভারতে ঢোকার সময় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলায় আটকের পর তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তাতে নাম লেখা হয় ‘সুখরঞ্জন বালা’।

ফলে তার পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দেয়,  যদিও তার ঠিকানাসহ অন্যান্য তথ্য সাঈদীর মামলার ‘নিখোঁজ সাক্ষী সুখরঞ্জন বালির সঙ্গে মিলে যায়।

একাত্তরে সুখরঞ্জন বালির ভাই বিসা বালিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হয়, সেইসঙ্গে আরো অভিযোগের প্রমাণও ছিল জামায়াত নেতার বিরুদ্ধে।

সাঈদীর মামলায় সুখরঞ্জন বালি প্রসিকিউশনের সাক্ষী ছিলেন। তবে তিনি ‘নিখোঁজ’ হওয়ার পর সাঈদীর আইনজীবীরা অভিযোগ তোলেন, সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চাওয়ায় তাকে সরকার তাকে ‘নিখোঁজ’ করেছে।

কলকাতা হাই কোর্ট গত সপ্তাহে এক আদেশে বলে, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকায় ২০ অগাস্ট পর্যন্ত সুখরঞ্জন বালিকে দেশে ফেরত পাঠানো যাবে না। তারপর তাকে কীভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে- সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দপ্তর।

গত ২৩ ডিসেম্বর আটকের পর পশ্চিমবঙ্গ পুলিশ সুখরঞ্জনের বিরুদ্ধে মামলা করে। এরপর ভারতের বসিরহাটের আদালত গত ৩ এপ্রিল সুখরঞ্জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় এবং সাজা শেষে বাংলাদেশে ফেরত পাঠাতে বলে।

তবে সুখরঞ্জনের ভারতের কারাগারে বন্দি থাকার বিষয়টি সম্পর্কে বাংলাদেশ মিশন কিছু জানে না বলে ইতোপূর্বে জানিয়েছিল।