না.গঞ্জে গাড়িতে আগুন শিবিরের
হরতালের আগের রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্রশিবির গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে সানারপাড় এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন।
এ সময় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গল ও বুধবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত ইসলামী।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, রাত সোয়া ৮টায় ইসলামী ছাত্র শিবিরের ২০-২৫ নেতাকর্মী হরতালের সমর্থনে সানারপাড় এলাকায় মিছিল বের করে।
এ সময় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় ও মহাসড়কে চলাচল করা আরো ২-৩টি বাস ও যানবাহন ভাংচুর করে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানান ওসি।
এর আগে বিকেলে নারায়ণগঞ্জ শহরের সিরাজউদ্দৌলা সড়কে হরতাল সমর্থনে মিছিল বের করে সড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল শিবির কর্মীরা।
