ঘাঘট নদীতে ডুবে তরুণ প্রকৌশলীর মৃত্যু
রংপুরের ঘাঘট নদীতে ডুবে মারা গেছেন এক তরুণ প্রকৌশলী।
সোমবার বিকাল সাড়ে ৪টায় হাজীরহাট এলাকা থেকে প্রকৌশলী খন্দকার মাসুদ ইলাহী চন্দনের লাশ (২৬) উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল।
চন্দন রংপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি খন্দকার মারুফ ইলাহীর ছেলে। তিনি ২ বছর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
গত বছর কোরবানী ঈদের পর বিয়ে করেন চন্দন। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য রংপুরের বাড়িতে এসেছিলেন তিনি।
চন্দনের বাবা খন্দকার মারুফ ইলাহী জানান, সকাল ১১টায় পরিবারের সবাই নগরীর হাজীরহাটে এক আত্মীয়ের বাড়িতে যান। আত্মীয়ের বাড়ির পাশেই ঘাঘট নদী। চন্দন ২টায় একাই নদীপাড়ে বেড়াতে যান।
“চন্দন সাঁতার জানত।”
রংপুর ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নিত্য গোপাল দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবল স্রোতে ভেসে যান চন্দন। আড়াই ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে তার লাশ পাওয়া যায়।
