জমেনি কক্সবাজারও
প্রতিবার ঈদের সময় যে সংখ্যক পর্যটক কক্সবাজারে জড়ো হন, এবার তা অনেক কম। মনভার ব্যবসায়ীরা এজন্য হরতালকেই দায়ী করেছেন।
ঈদের ছুটিতে প্রতিবছরই সৈকত শহর কক্সবাজার মুখর থাকে পর্যটকের ভিড়ে। কোনো হোটেল-মোটেলই খালি থাকে না।
হোটেল রিগ্যাল প্যালেসের ব্যবস্থাপক করিম উল্লাহর কথায় ফুটে ওঠে এবারের ভিন্ন চিত্র।
“৬৫ কক্ষের মধ্যে ভাড়া হয়েছে মাত্র ২০টি। অথচ অন্য বছর ঈদের ছুটিতে এক সপ্তাহ আগেই হোটেলের সব কক্ষ ভাড়া হয়ে যেত।”
ঈদের ছুটির পরপরই জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গল ও বুধবারের হরতালকে এজন্য দায়ী করেছেন করিম।
হোটেল সী-প্যালেসের কর্মকর্তা গোলাম সরওয়ারও হরতালকে দায়ী করে বলেন, ঈদের ১ সপ্তাহ আগেই তার হোটেলের ৮৩টি কক্ষের মধ্যে ৫০টি বুকিং হয়েছিল। কিন্তু ২০টি কক্ষের বুকিংই বাতিল হয়েছে।
হোটেল ও মোটেল সংশ্লিষ্টদের ধারণা, এবার পর্যটকের সংখ্যা অন্য বছরের তিন ভাগের একভাগ।
অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ সাঈদ মো. সিরাজুল ইসলাম জানান, তাদের অর্ধেকের বেশি কক্ষ ভাড়া হয়ে গেছে।
তবে কয়েকটি কক্ষের বুকিং বাতিল হয় বলে জানান তিনি।
পানসী রেস্তোরাঁর মালিক মো. কামরুজ্জামান বলেন, ঈদের ছুটিতে অন্য বছর দিনে লাখ টাকার বেশি বিক্রি হলেও এবার তার বিক্রি হয়েছে ১০ হাজার টাকার খাবার।
শামুক-ঝিনুক পণ্যের বিক্রেতা আব্দুল গফুর বলেন, পর্যটক কম হওয়ায় তাদের বিক্রিও কমে গেছে।
হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান বলেন, কক্সবাজারে সাড়ে ৩ শতাধিক হোটেল-মোটেলে পর্যটক ধারণ ক্ষমতা দেড় লক্ষাধিক। কিন্তু এবার পর্যটকের সংখ্যা ১৫/২০ হাজারের বেশি হবে না।
“পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শতাধিক কোটি টাকার ক্ষতি গুণতে হবে,” বলেন তিনি।
ঈদের পর যারা বেড়াতে গিয়েছেন, তারাও সফর সংক্ষিপ্ত করছেন।
ঢাকার মিরপুরের বাসিন্দা মহিউদ্দিন জানান, কক্সবাজারে চার দিন থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু হরতালের জন্য তা দুদিন করেই বাড়ি ফিরছেন তিনি।
