২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পর যানজট

বৈরী আবহাওয়ার কারণে দিনের প্রথম ভাগে ঘরে আটকা থাকলেও বৃষ্টি ধরে যেতেই ঘুরতে বেরিয়ে যানজটে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।

গোলাম মুজতবা ধ্রুব

কামাল তালুকদার ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

ঈদের ছুটির শেষ দিন শনিবার রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আগের দিনের মতোই ছিল উপচেপড়া ভিড়। আর এর ফল হিসেবে বিনোদন কেন্দ্র সংলগ্ন সড়কে ছিল যানজট।

প্রতি বছরই ঈদের পরদিন পুরান ঢাকা থেকে উত্তরায় শ্বশুর বাড়িতে যেতে অভ্যস্ত নওয়াব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পরদিন এমন জ্যাম আগে কখনো দেখিনি।”

ঢাকার নতুন বিনোদন কেন্দ্র হাতির ঝিল থেকে মহাখালী পর্যন্ত থেমে থেমে চলতে হয়েছে বলে জানান এই ব্যবসায়ী।

পুলিশ বলছে, হরতালের কারণে এবার অনেকেই ঈদে রাজধানী ছাড়েনি। ফলে মানুষের সংখ্যা যতটা কমে থাকে অন্য বছরগুলোতে, এবার তার ব্যতিক্রম। ফলে সড়কে চাপ বেশি কমেনি।

গাড়ি ও মানুষের এই চাপ বিনোদন কেন্দ্রকেন্দ্রিক স্বীকার করলেও একে ‘যানজট’ বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।

ঈদের দিন সন্ধ্যায় হাতিরঝিল, বাংলা মটর, রামপুরা, বাড্ডা, মগবাজার, বিজয় সরণী মোড়, ফার্মগেইট, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর সড়ক এলাকায় যানজট দেখা গিয়েছিল।

একই এলাকায় শনিবার সন্ধ্যায়ও যানজট দেখা যায়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনেককে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।

ঈদের দিন ও পরদিন ছুটি থাকায় চিড়িয়াখানা, শিশুপার্ক, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যানের মতো বিনোদন কেন্দ্রগুলোতে এমনিতেই ভিড় থাকে।

ঈদের দিন সকালে নামাজ থাকায় বেশিরভাগই বিকালে বেড়াতে বের হন। কিন্তু পরদিন বেড়ানো শুরু হয় সকাল থেকেই। কিন্তু এবার তাতে বাদ সাধে বৃষ্টি।

আগে পরিকল্পনা ঠিক করেও অনেকে বের হতে পারেননি বৃষ্টির কারণে।

উত্তরার বাসিন্দা অমিনা রিঙ্কি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন পরিবারের সবাই মিলে ঈদের পরদিন ফ্যান্টাসি কিংডমে যাবেন। কিন্তু  সকাল থেকে বৃষ্টিতে তাদের আর যাওয়া হয়নি।

মিরপুরের সাবিত, আনিস, জাকির সাব্বির ও রনিও বললেন, সকাল থেকেই বন্ধুরা মিলে বেড়ানোর কথা ভেবেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাদ দিতে হয়েছে।

বেলা ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে বৃষ্টিতে কাক ভেজা হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেল আজিমপুরের বাসিন্দা ফারুক হোসনকে, সঙ্গে স্ত্রী আর ছেলে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পল্লবীতে যাব আত্নীয়ের বাসায়। এখন দেখছি বৃষ্টি আর ছাড়ে না। কাল আবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যেতে হবে। তাই বৃষ্টির মধ্যেই মিরপুরে রওনা হয়েছি।”

বৃষ্টির মধ্যে সন্তানকে নিয়ে অনেককে ভিজতে ভিজতেই শিশুপার্কে ঢুকতে দেখা গেছে। তবে বৃষ্টির কারণে তখনো অনেক রাইড চলছিল না। ট্রেন চলায় সেখানেই বৃষ্টির মধ্যে লাইনে অপেক্ষা করতে দেখা যায় অনেককে।

Image
ঈদের পরদিন বৃষ্টির মধ্যে পথচলার এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঈদের পরদিন বৃষ্টির মধ্যে পথচলার এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার। ছবি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে বেলা ১টার দিকে বৃষ্টি থেমে রোদ ওঠার কিছু সময়ের মধ্যে শিশু পার্কের চিত্র বদলে যায়। তখন ভিড়ের চাপে হাঁটাও দায় হয়ে ওঠে। আর শিশু পার্কের বাইরে তখন গাড়ির সংখ্যাও বেড়ে যায়।

সংসদ ভবন এলাকা, ধানমণ্ডি লেক সংলগ্ন রাসেল স্কয়ার, চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিজয় সরণিতেও সন্ধ্যায় যানজট দেখা গেছে।

এই এলাকাগুলোতে রাস্তার ধারে অনেক গাড়িকে থামিয়ে রাখতে দেখা যায়।

এসব এলাকায় গাড়ির চাপ বেশি থাকলেও ট্রাফিক পুলিশের সংখ্যা তেমন দেখা যায়নি।

যানজটের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বৃষ্টির কারণে কিছুটা যানজট হয়।”

হরতালের কারণে শেষ মুহূর্তে অনেকেই ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন বলে তার ধারণা।

ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি নয় বরং ঈদে বেড়াতে বের হওয়া হাজারো মানুষের ভিড়ে জ্যামের সৃষ্টি হয়েছে।”

যাত্রী নেই, তবে চলছে দূরপাল্লার বাস

ঈদের পরদিন নগন্য সংখ্যক যাত্রী নিয়েই কলাবাগান, মালিবাগ, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী থেকে দূরপাল্লার বাসগুলোকে ঢাকা ছাড়তে দেখা গেছে।

গাবতলীর শ্যামলী কাউন্টারের প্রতিনিধি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের পর ঢাকা ছাড়বে এমন যাত্রী কম থাকে, এটাই স্বাভাবিক।”

তবে ফিরতি ট্রিপে ঢাকামুখী যাত্রীদের আনতে এই বাসগুলোকে চলতে হচ্ছে। ঈদের আগে যেমন ঢাকা ছাড়ার চাপ থাকে, ঈদের পর চাপ হয় বিপরীতমুখী।

চট্টগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রী মো. সানাউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফো্র ডটকমকে বলেন, ভিড়ের ঝক্কি এড়াতে ঈদের পরদিন বাড়ি যাচ্ছেন তিনি।

একই কথা বলেন খুলনাগামী যাত্রী আব্দুল খালেকও।

তবে যাত্রীদের সঙ্গে পরিবহন কোম্পানিগুলোরও শঙ্কা হরতাল নিয়ে। মঙ্গল ও বুধ এই দুইদিন হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

হরতালের কারণে এবার অনেকে ঢাকা ছাড়েননি বলে পরিবহন সংশ্লিষ্টদের ধারণা। এতে ক্ষতি হয়েছে বলেও তাদের দাবি।

হানিফ পরিবহনের কলাবাগান কাউন্টারের বিক্রয় প্রতিনিধি সাগর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে ঈদে অনেক যাত্রী এবার টিকিট কাটার পরও তা ফেরত দিয়েছে।”

মালিবাগের সোহাগ পরিবহনের তথ্যকেন্দ্রে কর্তব্যরত মিজানুর রহমানও বলেন, এবার ঈদে যাত্রী ছিল কম।

একই কথা বলেন সৌদিয়া কোচ সার্ভিসের বিক্রয় প্রতিনিধি মফিজুর রহমানও।

পুরনো খবর:

বৃষ্টিতে অর্ধেক দিন ‘বন্দি’ রাজধানীবাসী
হাজারো মানুষের ভিড়ে যানজট সড়কে
ঈদ গেলেও নাড়ির টানে সদরঘাটে