হাজারো মানুষের ভিড়ে যানজট সড়কে
বহু মানুষ ঈদ করতে ঢাকা ছাড়লেও ঈদের রাতে রাজধানীর কয়েকটি স্থানে যানজটের ধকল পোহাতে হয়েছে নগরবাসীকে।
হাতিরঝিল, বাংলা মটর রামপুরা, বাড্ডা, মগবাজার, বিজয় সরণী মোড় খেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত এই যানজটের জন্য ঢাকা ঈদ উদযান করা মানুষের একসঙ্গে বেড়াতে বের হওয়াকে দায়ী করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর জাহিদুল ইসলাম শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি নয় বরং ঈদে বেড়াতে বের হওয়া হাজারো মানুষের ভিড়ে জ্যামের সৃষ্টি হয়েছে।”
ফার্মগেইট এলাকায় যানজটের ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মণ্ডল বলেন, “বিকালের পর থেকেই বাংলা মটর, ফার্মগেইট ও শাহবাগ এলাকায় জ্যাম দেখা গেছে।”
হাতিরঝিল এবং শাহবাগের শিশু পার্ক, রমনা পার্ক ও জাদুঘরে ঈদের দিন দুপুরের পর থেকে ছিল উপচেপড়া ভিড়।
শ্যামলী ও আসাদ গেইট এলাকাতেও যানজট দেখা গেছে বলে প্রাইভেটকারচালক হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-সাউথ) খান মোহাম্মদ রেজোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ ও ১৪ অগাস্ট হরতাল বলে অনেকেই ঈদে ঢাকার বাইরে যাননি। তাই তারা বিকালে বাইরে বের হলে যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে পুলিশ সচেষ্ট বলে তিনি জানান।
