২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

ঈদের দিন রাজধানী ও বন্দর নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উৎসবমুখর পরিবেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 08:00 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

নতুন পোশাকে শিশু, কিশোর, তরুণ, তরুণী, নারী, পুরুষ এসব বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে সময় কাটিয়েছেন।   

শুক্রবার রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখা যায়, শিশু পার্ক, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবন এলাকা, ধানমন্ডি লেক, চিড়িয়াখানা, হাতির ঝিল, জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু নভোথিয়েটার, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শ্যামলী শিশু মেলা সব খানেই ছিলো উপচেপড়া ভিড়।

ব্যাপক লোক সমাগমকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ধরনের খেলনা, বেলুন, হাওয়াই মিঠাই, আইসক্রিমসহ বিভিন্ন পণ্যের হকারদের হাঁকডাক আর চটপটি ও ফুসকার দোকানিদের টানাটানি ছিল সারাক্ষণ।

সবচেয়ে বেশি লোকসমাগম হয় শিশু পার্কে। ঈদ উপলক্ষে পার্কটি সাজানো হয়, সব রাইড নতুন করে রঙ করা হয়।

শিশু পার্কের টিকিট বিক্রির দায়িত্বে থাকা পুবালী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর ৪২ হাজার টিকিট বিক্রি হয়েছিল। এবার লোকসমাগম দেখে মনে হচ্ছে আরো বেশি হবে।

উত্তরা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে শিশু পার্কে বেড়াতে এসেছিলেন ব্যবসায়ী মেজবাউদ্দিন নাঈম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন বেড়ানোর জন্যই শিশু পার্কে আসা। এখান থেকে (শিশু পার্ক) আত্মীয়ের বাসায় বেড়িয়ে বাসায় ফিরব।”

লালবাগের আলমগীর হোসেন বলেন, “ঈদের দিন রাস্তাঘাট ফাঁকা থাকে। সহজে অনেক জায়গায় ঘোরা যায়। এজন্য বাচ্চাদের নিয়ে বেরিয়েছি।”

রমনা পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরছিলেন তরুণ আল মাহমুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন, ঘুরছি। পার্কে এলাম। আরো অনেক জায়গায় ঘুরব।” 

অনেকে রাজধানীর বিভিন্ন উড়াল সেতুও হেঁটে হেঁটে ঘুরেছেন।

বন্দর নগরীতে ঈদের নামাজ পড়েই অনেকে বেরিয়ে পড়েন বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে। দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে পার্কে আর বেড়ানোর জায়গাগুলোতে।

দুপুরে নগরীর বাইশ মহল্লা এলাকা থেকে রিকশা নিয়ে পাঁচটি শিশু আসে কাজীর দেউড়ির চট্টগ্রাম শিশু পার্কে।

দলের একজন শিহাব (১০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “বন্ধুরা মিলে সারাদিন ঘুরব। এখন পার্কে দোলনায় চড়ব। তারপর দুপুরে খেয়ে আবার রিকশায় ঘুরব।”

শিশুরা যেমন দল বেঁধে এসেছিল, তেমন এসেছিল অভিভাবকদের হাত ধরেও।

ব্যংক কর্মকর্তা সালাউদ্দিন স্ত্রী আর আট বছরের শিশু কন্যা সামিয়াকে নিয়ে বেড়াতে আসেন নগরীর আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্কে।

তিনি বলেন, “এবার ঈদের ছুটি কম। তার ওপর ঈদের পরই হরতাল। তাই আর বাড়ি যাইনি। অন্য সময় সন্তানকে সময় দিতে পারি না। ঈদের দিনটা এবার শুধু ওর জন্যই বরাদ্দ।”

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল একাডেমি এলাকা, ফয়েল লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কসহ সব কয়টি বিনোদন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

ফয়েজ লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে দক্ষিণ হালিশহর থেকে আসেন ফারজানা খান (২৭)। তিনি ময়মনসিংহের বাসিন্দা।

ফারাজানা বলেন, “গত বুধবার রাতে বাড়ির উদ্দেশে রওনা দিই। কিন্তু সীতাকুণ্ডে সড়ক অবরোধের কারণে কয়েক ঘণ্টা আটকে থেকে ফিরে আসি। বাড়িতে থাকলে আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ করি।

“এবার তো আর তা হচ্ছে না। তাই পরিবারের সবাই মিলে ঘুরতে চলে এসেছি।”